শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাইকোর্টের রায় বাতিলে সরকারের আপিল, শুনানি ৯ জুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ২১:৩৪

শেয়ার

হাইকোর্টের রায় বাতিলে সরকারের আপিল, শুনানি ৯ জুন
ছবি সংগৃহীত

সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে দেওয়া হাইকোর্টের রায় বাতিল চেয়ে সরকার আপিল করেছে। এ আপিলের শুনানির জন্য আগামী ৯ জুন দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত শুনানির তারিখ নির্ধারণ করেন। আদালতে সরকারের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।

শুনানি শেষে সাংবাদিকদের মোহাম্মদ শিশির মনির জানান, হাইকোর্টের রায়ের ওপর কোনো স্থগিতাদেশ দেননি চেম্বার আদালত। বিষয়টি শুনানির জন্য আগামী ৯ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে (ফুল কোর্ট) পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্ট এক রায়ে সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে ‘স্বতন্ত্র সচিবালয়’ প্রতিষ্ঠার নির্দেশ দেন। একই সঙ্গে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদে এ পর্যন্ত আনা সংশোধনীগুলোকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে সেগুলো বাতিল করেন আদালত।

হাইকোর্টের ওই রায়ের পর গত বছরের ৩০ নভেম্বর ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। পরে ১০ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট জামে মসজিদসংলগ্ন ৪ নম্বর প্রশাসনিক ভবনে সচিবালয়ের কার্যক্রম উদ্বোধন করেন। এরপর সেখান থেকেই সচিবালয়ের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

তবে চলতি বছরের ৯ এপ্রিল সংসদে বিরোধী দলের আপত্তি নাকচ করে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল’ পাস হয়। এর ধারাবাহিকতায় গত ১৯ মে সরকার আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে। একই দিন জারি করা এক প্রজ্ঞাপনে বিলুপ্ত সচিবালয়ে কর্মরত ১৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে প্রত্যাবর্তন করা হয়।