বুধবার

২০ মে, ২০২৬ ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রকল্প হাতে নেবে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ১৯:৫৭

শেয়ার

পদ্মা ও তিস্তা ব্যারাজ প্রকল্প হাতে নেবে সরকার: প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

বর্তমান সরকার শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও বাস্তবায়নের উদ্যোগ নেবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে কৃষিজমিতে স্বাভাবিক পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নিচ্ছে। একই সঙ্গে তিস্তা ব্যারাজ প্রকল্পও বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, “অনেকে সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা বলতে পারেন। কিন্তু বর্তমান সরকার আবারও অঙ্গীকার করছে, পদ্মা ব্যারাজ শুধু নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার।”

ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারকে বিপদজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে পরিবেশ ও দুর্যোগ ঝুঁকি বাড়ছে। মাটির নিচে পানির স্তর কমে যাওয়ায় কৃষকরা সেচের জন্য পর্যাপ্ত পানি পাচ্ছেন না। এ সমস্যা মোকাবিলায় নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে পরিকল্পিত উন্নয়ন ও সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। তিনি বলেন, অবকাঠামো নির্মাণের কারণে গাছপালা কাটা হচ্ছে, ফসলি জমিও কমে যাচ্ছে, যা পরিবেশের জন্য হুমকি তৈরি করছে।

নির্মাণাধীন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট সম্পর্কে তিনি বলেন, এ প্রতিষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা গরিব দেশ, সম্পদ কম। সেই সম্পদ রক্ষা করতে পারলে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। এজন্য প্রকৃতির ভারসাম্য ঠিক রাখতে হবে।”



banner close
banner close