রাজধানী ঢাকাসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে সোমবার দুপুরের আগেই ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
এ ছাড়া ওইসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন:








