টেলিভিশন চ্যানেলের টিআরপি ও পত্রিকার প্রচারসংখ্যা নিয়ে মনগড়া তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপন বণ্টনের বর্তমান ব্যবস্থা থেকে সরকার ধীরে ধীরে সরে আসবে বলে জানিয়েছেন জহির উদ্দিন স্বপন। রোববার সচিবালয়ে টেলিভিশন এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত টিআরপি ও পত্রিকার ছাপা সংখ্যার তথ্য অনেক ক্ষেত্রেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে ভবিষ্যতে নির্ভরযোগ্য ও ডিজিটালভিত্তিক পরিমাপ পদ্ধতি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, সীমিত নমুনার ভিত্তিতে দেশের কোটি দর্শকের টেলিভিশন দর্শকসংখ্যা নির্ধারণ কিংবা মনগড়া প্রচারসংখ্যা ধরে বিজ্ঞাপন বণ্টন গ্রহণযোগ্য হতে পারে না।
মন্ত্রী আরও জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টেলিভিশনের প্রকৃত দর্শকসংখ্যা এবং পত্রিকার সঠিক ছাপা সংখ্যা নির্ধারণের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে এসব তথ্যের ভিত্তিতেই বিজ্ঞাপনসহ বিভিন্ন সুবিধা বণ্টন করা হবে।
তিনি বলেন, ডিজিটাল টিআরপি ও প্রিন্ট কাউন্টিং ব্যবস্থা চালু হলে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ আরও বাস্তবভিত্তিক হবে।
আরও পড়ুন:








