হামের টিকা কর্মসূচি নিয়ে অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
রিট আবেদনে হামের টিকা কর্মসূচিতে ব্যর্থতাকে ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে উল্লেখ করে বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে ড. ইউনূসসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন জানানো হয়েছে।
এ মামলায় মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। বিষয়টি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
এর আগে হামের টিকা কর্মসূচির ব্যর্থতার অভিযোগ এনে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। নোটিশের কোনো জবাব না পাওয়ায় তিনি এ রিট আবেদন দায়ের করেন।
আরও পড়ুন:








