রবিবার

১৭ মে, ২০২৬ ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১৩:৪৭

শেয়ার

সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী
ছবি সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন হজযাত্রী। রোববার ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের আইটি হেল্প ডেস্ক সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত পর্যন্ত মোট ১৫৪টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে ৩০ হাজার ৮৪৪ জন, সৌদি এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।

হজ বুলেটিন অনুযায়ী, বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে অবস্থান করছেন।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত মোট ১৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও চারজন নারী। তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় চারজন মারা গেছেন বলে জানিয়েছে হজ বুলেটিন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হতে পারে।

এর আগে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায়। হজযাত্রীদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে বাংলাদেশ হজ মিশন সার্বক্ষণিক তদারকি করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



banner close
banner close