মঙ্গলবার

৯ জুন, ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

১৪ অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ০৯:৪৪

শেয়ার

১৪ অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
ছবি সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর আজ রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে দেশের ১৪টি অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া পরিচালকের পক্ষে দেওয়া পূর্বাভাসে জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সক্রিয় রয়েছে। এ ছাড়া পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ বিদ্যমান। এই দুই লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ছে।

১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষত ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

এদিকে মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, যা আগামীকালও বজায় থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



banner close
banner close