শনিবার

১৬ মে, ২০২৬ ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি, কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ১৫:০২

শেয়ার

কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি, কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা প্রধানমন্ত্রীর
ছবি সংগৃহীত

কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতি এবং জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা পৌনে ২টার দিকে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরের লুটপাটের কারণে দেশের অর্থনীতি চাপে রয়েছে। এ পরিস্থিতিতে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জনগণের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় কাজ করছে বিএনপি। দেশ পুনর্গঠন শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, এজন্য সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তারেক রহমান বলেন, “আমরা যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, তার ভিত্তিতেই জনগণ আমাদের ভোট দিয়েছে।”

তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ইতোমধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী প্রদান শুরু হয়েছে। “বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে সেই ওয়াদা পূরণ করে,” যোগ করেন তিনি।

কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কুমিল্লা থেকে বিপুল পরিমাণ কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে যায়। আপনাদের দাবি একটি কৃষি বিশ্ববিদ্যালয়। আগামী কয়েক দিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব। যত দ্রুত সম্ভব কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের চেষ্টা করব।”



banner close
banner close