চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী। একই সময়ে সৌদি আরবে মোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
আইটি হেল্পডেস্ক প্রকাশিত হজের ২৮তম দিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৩ হাজার ৯০৩ জন। এখন পর্যন্ত মোট ১৫০টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৫টি ফ্লাইটে পরিবহন করা হয়েছে ২৯ হাজার ৭০৪ জন হজযাত্রী। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৫৩টি ফ্লাইটে গেছেন ১৯ হাজার ৭৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে গেছেন ৮ হাজার ৮৫৯ জন।
অন্যদিকে, হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত মারা গেছেন ১৫ জন বাংলাদেশি। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ৪ জনের মৃত্যু হয়েছে। তবে জেদ্দা, মিনা, আরাফা কিংবা মুজদালিফায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
হজ ২০২৬-এর সার্বিক কার্যক্রম অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।
গত ১৮ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয়। আগামী ২১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলবে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে ৩০ জুন।
আরও পড়ুন:








