শুক্রবার

১৫ মে, ২০২৬ ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

২২ বছর পর চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬ ১১:৫৭

শেয়ার

২২ বছর পর চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
ছবি সংগৃহীত

দীর্ঘ ২২ বছর পর আগামী শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের এ সফরে তিনি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং জেলা বিএনপির সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জানা গেছে, আগামী ১৬ মে সফরকালে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকার খোদ খাল এবং সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকার বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এছাড়া চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করবেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের ২২টি জেলায় একযোগে এ কার্যক্রম চালু করা হবে।

সফর উপলক্ষে ইতোমধ্যে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের পক্ষ থেকে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টাঙিয়েছেন।

শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকার বাসিন্দা মো. ফারুক বলেন, দীর্ঘদিন অবহেলিত খালগুলো পুনঃখনন করা হলে জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর এ সফর জেলার উন্নয়ন কার্যক্রম ও রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।



banner close
banner close