বৃহস্পতিবার

১৪ মে, ২০২৬ ৩১ বৈশাখ, ১৪৩৩

ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১০:৩০

শেয়ার

ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু
ছবি সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপা-কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ৭ মে তাদের হাজিরের নির্দেশ দেন। ওই আদেশ অনুযায়ী বৃহস্পতিবার তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

এর আগে শুনানিকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযানের সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। তিনি আন্তর্জাতিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানকে সমর্থন করে বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে হেফাজতে ইসলামের সমাবেশ নিয়ে উসকানিমূলক প্রচারের অভিযোগ আনা হয়।

সেই সময় মোজাম্মেল বাবু বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশন-এর ব্যবস্থাপনা পরিচালক এবং ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের হাজিরের নির্দেশ দেন এবং মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

এ মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ছয় আসামি। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি-র উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হক-এর পক্ষে এ অভিযোগ দায়ের করেন। মামলায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।



banner close
banner close