বৃহস্পতিবার

১৪ মে, ২০২৬ ৩১ বৈশাখ, ১৪৩৩

হজে গিয়ে ১৪ বাংলাদেশির মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৫ হাজারের বেশি যাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১০:৩৬

শেয়ার

হজে গিয়ে ১৪ বাংলাদেশির মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৫ হাজারের বেশি যাত্রী
ছবি সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫৫ হাজার ২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার (১৩ মে) সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫১ হাজার ২২৭ জন হজযাত্রী।

চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬৯টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।

যাত্রী পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে ২৭ হাজার ৪২৮ জন, সৌদি এয়ারলাইন্স ১৯ হাজার ১১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।

হজযাত্রীদের চিকিৎসা সেবায় সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে দেওয়া হয়েছে ১৬ হাজার ২টি সেবা।

এদিকে, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত সৌদি আরবে ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও চারজন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১১ জন এবং মদিনায় মারা গেছেন তিনজন।

সবশেষ সোমবার (১২ মে) গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মারা যান।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে পরিচালিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে। আর শেষ ফিরতি ফ্লাইট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন।



banner close
banner close