জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রায় ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো পদ্মা ব্যারেজ ১ম পর্যায় প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা।
বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
সভা সূত্রে জানা যায়, অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা।
অনুমোদিত পদ্মা ব্যারেজ প্রকল্পের আওতায় পাংশা এলাকায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ ব্যারেজ নির্মাণ করা হবে। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত।
একনেক সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একনেকে অনুমোদিত ৯টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৩টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
অন্যান্য অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ, জেলা শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নীতকরণ, হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ, সরকারি শিশু পরিবার ও ছোটমনি নিবাস পুনর্নির্মাণ, সাভার সেনানিবাসে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড উন্নয়ন এবং ময়মনসিংহে গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প।
এছাড়া সভায় পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও দুটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। প্রকল্প দুটি হলো ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ।
আরও পড়ুন:








