মঙ্গলবার

১২ মে, ২০২৬ ২৯ বৈশাখ, ১৪৩৩

জুলাই জাদুঘরে শেখ হাসিনার কলরেকর্ড থাকার দাবি স্পিকারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ২০:৩১

শেয়ার

জুলাই জাদুঘরে শেখ হাসিনার কলরেকর্ড থাকার দাবি স্পিকারের
ছবি সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে এবং এ সংক্রান্ত কলরেকর্ড জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষিত আছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীতে নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, জুলাই অভ্যুত্থানের ঘটনাবলি ও তৎকালীন পরিস্থিতির বিভিন্ন তথ্য-উপাত্ত জাদুঘরে সংরক্ষণ করা হচ্ছে। তার দাবি, এসব উপাদান ভবিষ্যৎ প্রজন্মকে দেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ধারণা দেবে।

তিনি আরও বলেন, এই জাদুঘর বাংলাদেশের মানুষের গণতন্ত্রের প্রতি আস্থা ও স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থানের প্রতীক হিসেবে কাজ করবে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে মানুষের আত্মত্যাগের বিষয়টিও এখানে তুলে ধরা হবে বলে জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, জুলাই জাদুঘর ফ্যাসিবাদ থেকে মুক্তির প্রতীক হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থাপিত হবে।

এ সময় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জানান, আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা ১ আগস্টের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান স্পিকার।



banner close
banner close