মঙ্গলবার

১২ মে, ২০২৬ ২৯ বৈশাখ, ১৪৩৩

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ১৯:২৫

শেয়ার

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সক্রিয় সমর্থন প্রত্যাশা করেছেন।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে ঢাকায় নিযুক্ত ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

তিনি বলেন, বৈঠকে ওআইসি সদস্য দেশগুলোর প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে তারা বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, প্রধানমন্ত্রী ওআইসি সদস্য দেশগুলোর সমর্থনের জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর সময় থেকে ওআইসি দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে সেই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশনও বৈঠকে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।



banner close
banner close