মঙ্গলবার

১২ মে, ২০২৬ ২৮ বৈশাখ, ১৪৩৩

সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ২২:৩৫

শেয়ার

সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত

ভারতের সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণকে দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে লবণ চাষিদের জীবনমান উন্নয়নসংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কৃষি মন্ত্রণালয় বর্তমানে লবণ চাষিদের উৎপাদন ব্যয় পর্যালোচনা করছে, যাতে তারা তাদের পরিশ্রমের যথাযথ মূল্য পান। একই সঙ্গে দেশে শিল্প ও ভোজ্য লবণের চাহিদা নিরূপণ করে আমদানির যৌক্তিকতা যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে বাংলাদেশ লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং স্থানীয় চাষিরা ক্ষতির মুখে না পড়েন।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কোনো অঙ্গরাজ্যের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলে না।

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের বিষয়ে তিনি বলেন, অনেক ক্ষেত্রে পুরোনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এ পর্যন্ত এ ধরনের ঘটনার সত্যতা বা এর নেতিবাচক প্রভাব বাংলাদেশে পড়েছে বলে স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই।

এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্যও জনগণের প্রতি আহ্বান জানান তিনি।



banner close
banner close