শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৭ আশ্বিন, ১৪৩৩

সাগরে লঘুচাপ, কয়েকদিন টানা বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১৫:০৭

শেয়ার

সাগরে লঘুচাপ, কয়েকদিন টানা বৃষ্টির আভাস
ছবি সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১১ মে) বেলা ১১টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘের সৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামী ১৩ মে সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ১৬ মে পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে সক্রিয় রয়েছে। একই সঙ্গে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বজ্রমেঘের প্রভাবে রোববার থেকেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এর প্রভাব ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগেও পড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, চলতি সপ্তাহের বাকি সময়জুড়ে দেশের অধিকাংশ এলাকাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।

তিনি আরও জানান, বঙ্গোপসাগরের লঘুচাপটি আগামী ২৪ ঘণ্টায় আরও স্পষ্ট আকার ধারণ করতে পারে। এরপর বোঝা যাবে এটি আরও শক্তিশালী হবে কি না এবং হলে উপকূলের কোন অংশে এর প্রভাব পড়তে পারে।