রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু প্রকল্পে অপ্রয়োজনীয় খরচ না হলে আরও ভালো কিছু করা সম্ভব হতো।
সোমবার (১১ মে) অনুষ্ঠিত ওই সভায় তিনি বলেন, “রূপপুর, টানেল এবং পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে সবক্ষেত্রেই বেটার কিছু করা যেত।”
এ সময় দুর্নীতি ও সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে না দেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, সরকার পুলিশ বাহিনীকে সত্যিকার অর্থে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়। তিনি বলেন, “পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না। দুর্নীতি-সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন।”
প্রধানমন্ত্রী আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে দেশ সমৃদ্ধ, স্বনির্ভর, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনের পথে আরও এগিয়ে যাবে। তিনি পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জন এবং যেকোনো স্থানে দায়িত্ব পালনের মানসিকতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে সততা, মেধা ও দক্ষতাকে প্রধান মানদণ্ড হিসেবে অনুসরণ করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি জনগণ সরকারের মূল্যায়ন অনেকাংশে পুলিশের আচরণ ও ভূমিকার ওপর নির্ভর করে উল্লেখ করে বাহিনীর সদস্যদের মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান।
সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকার ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন:








