বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যে এই কার্ড চালু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
জাতিসংঘের দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন মন্ত্রী। সেখানে তিনি জানান, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদানের স্বীকৃতি হিসেবেই এই কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো প্রবাসীরা এই কার্ডের মাধ্যমে বিশেষ সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন সুবিধা, দেশে অবস্থানকালে নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া যারা বেশি রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য অতিরিক্ত লজিস্টিক সহায়তাও দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকার কাজ করছে। সরকার ইতোমধ্যে প্রবাসীবান্ধব নীতি গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশে বিনিয়োগে প্রবাসীদের আগ্রহ বাড়াতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, নানা জটিলতা ও প্রতারণার কারণে অনেক প্রবাসী দেশে বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেন। এসব সমস্যা সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, বিষয়টি সময়সাপেক্ষ হলেও এ নিয়ে কাজ চলছে। শুধু নিউইয়র্ক নয়, অন্যান্য দেশের সঙ্গেও সরাসরি ফ্লাইট চালুর বিষয় বিবেচনায় রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়াকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
তথ্যসূত্র: মানবজমিন
আরও পড়ুন:








