রবিবার

১০ মে, ২০২৬ ২৭ বৈশাখ, ১৪৩৩

কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন ইসির তিন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১৯:১৬

শেয়ার

কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন ইসির তিন কর্মকর্তা
ছবি সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ উদ্দেশ্যে ইসির তিন কর্মকর্তাকে দক্ষিণ কোরিয়ায় পাঠানো হচ্ছে।

রোববার (১০ মে) নির্বাচন কমিশনের উপ-সচিব জিএম শাহাতাব উদ্দীনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, আগামী ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণের জন্য তিন কর্মকর্তাকে অনুমোদন দেওয়া হয়েছে। তারা হলেন, ইসির উপসচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের একান্ত সচিব মুহাম্মদ আশ্রাফুল আলম।

তাদের সফরের সব ব্যয় বহন করবে কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন। কর্মকর্তারা আগামী ২৭ মে দেশত্যাগ করবেন এবং ৭ জুন দেশে ফিরবেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে চার হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সে কারণে দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা দেশের নির্বাচন ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে তারা মনে করছেন।



banner close
banner close