রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তি যেন পুলিশ বাহিনীকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে পুলিশ সদস্যদের নতুন করে শপথ নিতে হবে।
রোববার (১০ মে) সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন্সে ‘অপারেশন সার্চলাইট’-এর নামে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত পুলিশ সদস্যদের ওপর বর্বর হামলা চালিয়ে শত শত সদস্যকে হত্যা করেছিল। তিনি মুক্তিযুদ্ধে শহীদ সব পুলিশ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, শুধু স্মরণ করলেই দায়িত্ব শেষ হয় না। দেশের স্বাধীনতা রক্ষায় শহীদ পুলিশ সদস্যদের আত্মত্যাগকে ধারণ করে স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল থাকতে হবে।
সরকারপ্রধান আরও বলেন, “এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ-স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়, আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই।”
প্রধানমন্ত্রী দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে যে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম। তিনি বলেন, দেশের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশ সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা রক্ষা ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ পুলিশের সদস্যরা সাহসিকতা, পেশাদারিত্ব ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।
দেশের জনগণের সঙ্গেও মানবিক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশের মতো দেশের মানুষের প্রতিও পুলিশের দায়িত্বশীল ও মানবিক আচরণ প্রত্যাশিত।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকারের আমলে এটিই প্রথম ‘পুলিশ সপ্তাহ’। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”। চার দিনব্যাপী এ কর্মসূচি চলবে আগামী ১৩ মে পর্যন্ত।
আরও পড়ুন:








