শনিবার

৯ মে, ২০২৬ ২৬ বৈশাখ, ১৪৩৩

কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বিএনপি নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ১৬:০০

শেয়ার

কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বিএনপি নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি সংগৃহীত

সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারকে সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে এবং এ ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।

শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট-এ আয়োজিত এক বৈঠকে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণের কাছে সুশাসনের অঙ্গীকার করেছিল। এমন একটি রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যেখানে শিক্ষার্থীরা সুন্দর শিক্ষার পরিবেশ পাবে এবং নারী, পুরুষ ও শিশুসহ সবাই নিরাপদে চলাচল করতে পারবে।

তিনি আরও বলেন, “আমরা যখন স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, তখন বলেছিলাম দেশে এমন রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে মতপার্থক্য থাকবে, বিতর্ক হবে, কিন্তু গুম-খুন বা নির্যাতনের মতো পরিস্থিতি আর তৈরি হতে দেওয়া হবে না।”

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক সংগ্রাম শেষ হলেও এখন নতুন এক সংগ্রাম শুরু হয়েছে। সেই সংগ্রাম হচ্ছে জনগণের কাছে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।

তিনি বলেন, “নির্বাচনের আগে পর্যন্ত এটি ছিল বিএনপির ইশতেহার। কিন্তু সরকার গঠনের পর সেটি এখন রাষ্ট্র ও জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। তাই ইশতেহারে যা বলা হয়েছে, তা বাস্তবায়নে সরকারকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।”

দলের নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি যদি সহযোগিতা না করে, তাহলে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। সরকারের সফলতা নির্ভর করছে তৃণমূল নেতাকর্মীরা কতটা ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে দাঁড়াচ্ছেন তার ওপর।”

তিনি আরও বলেন, দল ও সরকারের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের নীতি ও কর্মকাণ্ডের সঙ্গে দলীয় নেতাদের সেতুবন্ধন আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ বৈঠকের আয়োজন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



banner close
banner close