শনিবার

৯ মে, ২০২৬ ২৬ বৈশাখ, ১৪৩৩

প্রতিবন্ধী তরুণ উদ্ভাবকের ‘স্মার্ট কার’ পরিদর্শন, গাড়িতে চড়লেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ১২:৩০

শেয়ার

প্রতিবন্ধী তরুণ উদ্ভাবকের ‘স্মার্ট কার’ পরিদর্শন, গাড়িতে চড়লেন প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত বিশেষ ‘স্মার্ট কার’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে তিনি তরুণ উদ্ভাবকের তৈরি গাড়িটি ঘুরে দেখেন এবং নিজেও সেটিতে চড়ে ওয়াকিমুলকে উৎসাহ দেন।

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ওয়াকিমুল ইসলাম আধুনিক প্রযুক্তিনির্ভর এই স্মার্ট কারটি তৈরি করেছেন। বিশেষভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধা বিবেচনায় নির্মিত গাড়িটি নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। এছাড়া মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

গাড়িটি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী বলেন, মেধাবী তরুণরাই আগামী বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে। শারীরিক সীমাবদ্ধতা সৃজনশীলতার পথে কোনো বাধা নয় এবং ওয়াকিমুল ইসলাম তার উদ্ভাবনের মাধ্যমে সেটিই প্রমাণ করেছেন। উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নিতে সরকার সব ধরনের সহায়তা দেবে বলেও আশ্বাস দেন তিনি।

ওয়াকিমুল ইসলামের এই উদ্যোগ ইতোমধ্যে দেশের প্রতিবন্ধী শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। সংশ্লিষ্টদের মতে, তার উদ্ভাবিত স্মার্ট কার দেশের প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্রেও ইতিবাচক বার্তা দিচ্ছে।



banner close
banner close