শুক্রবার

৮ মে, ২০২৬ ২৫ বৈশাখ, ১৪৩৩

দেড় বছরে গণমাধ্যমে হামলা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মে, ২০২৬ ১২:৩৮

শেয়ার

দেড় বছরে গণমাধ্যমে হামলা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান
ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর যেভাবে হামলার ঘটনা ঘটেছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন ড. ইফতেখারুজ্জামান।

শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, গণমাধ্যমের ওপর সংঘটিত হামলার ঘটনায় তৎকালীন অন্তর্বর্তী সরকারের কার্যকর ভূমিকা দেখা যায়নি। তার ভাষ্য অনুযায়ী, হামলাগুলো আকস্মিক ছিল না; অনেক ক্ষেত্রে আগাম ঘোষণা দিয়েই আক্রমণ চালানো হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাসদস্য উপস্থিত থাকলেও তারা কার্যকর পদক্ষেপ নেয়নি, যা অত্যন্ত দুঃখজনক এবং নেতিবাচক বার্তা বহন করে।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, কিছু গণমাধ্যমও এসব হামলার ঘটনাকে উপভোগ করেছে। হামলার পর পরিচিত আইনজীবী, অ্যাক্টিভিস্ট এবং গণমাধ্যম সংশ্লিষ্ট কিছু ব্যক্তির প্রতিক্রিয়াও উদ্বেগজনক ছিল। এ কারণে গণমাধ্যমের অভ্যন্তরীণ ও বাহ্যিক সংকটগুলো নিয়ে গভীর আলোচনা প্রয়োজন বলে তিনি মনে করেন।

সাংবাদিকদের নিরাপত্তাহীনতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত এক দশকে বিশ্বজুড়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পাঁচ শতাধিক সাংবাদিক প্রাণ হারিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ৬০ জন সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া ভারতে ৩০ জন, পাকিস্তানে প্রায় ৫০ জন এবং বাংলাদেশে ২৬ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

এমআরডিআইয়ের ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এ ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’ ৮ ও ৯ মে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে ৫৪৭ জন সাংবাদিক অংশ নিয়েছেন।

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পর্তুগালসহ ১০ দেশের সাংবাদিক ও বিশেষজ্ঞরা এতে অংশ নিচ্ছেন।

সম্মেলনে ১২টির বেশি সেশনে ২০ জন দেশি-বিদেশি আলোচক অংশ নেবেন। এছাড়া ৬১ জন সাংবাদিক ফেলোশিপ অর্জন করেছেন এবং তারা তাদের সংবাদ-ভাবনাগুলো সম্মেলনে উপস্থাপন করবেন।



banner close
banner close