দুই দিনের সফরে আজ শুক্রবার ঢাকা আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী মহসিন রেজা নাকভি। নির্বাচনের পর পাকিস্তানের কোনো মন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর।
পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন সফর উপলক্ষে বাংলাদেশ সরকারের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ইস্যুতে যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, শুক্রবার ভোর ৪টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মহসিন নাকভি। সফর শেষে ৯ মে রাত ৮টা ১০ মিনিটে বিজি-৩৪১ ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।
গত ৫ মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক নোট ভারবালে পাকিস্তান হাইকমিশন মন্ত্রীর নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রটোকল নিশ্চিত করার অনুরোধ জানায়।
সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও থাকবেন। তাদের অভ্যর্থনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপহার হিসেবে দেশীয় তাঁতের শাড়ি ও পাঞ্জাবি নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
সফরকালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে মহসিন নাকভির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে মাদক চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাস দমনে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হতে পারে।
এ ছাড়া আন্তর্দেশীয় অপরাধ দমন, গোয়েন্দা তথ্য বিনিময়, সাইবার নিরাপত্তা এবং ক্রিকেটে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:








