দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আভিযানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৬৩টি যানবাহন ক্রয়ে ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে র্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে এই যানবাহন ক্রয়ের প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন প্রদান করে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ৩টি জিপ, ১০০টি প্যাট্রল পিকআপ এবং ৬০টি এসি মাইক্রোবাস ক্রয় করা হবে। দরপত্র আহ্বান ছাড়াই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে যানবাহনগুলো সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী সব ধরনের সরকারি যানবাহন ক্রয় বন্ধ রয়েছে। তবে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং র্যাবের আভিযানিক সক্ষমতা বৃদ্ধির বিশেষ প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষভাবে প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করে।
এই ক্রয় প্রস্তাবটি গত ২৭ জানুয়ারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন লাভ করে। সংশ্লিষ্ট প্রকল্পটি ২০১৮ সালের ৭ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি থেকে অনুমোদিত হয়। প্রকল্পের মেয়াদ ১ ডিসেম্বর ২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত এবং চলতি সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্পটির অনুকূলে ১৬০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
আরও পড়ুন:








