বৃহস্পতিবার

৭ মে, ২০২৬ ২৪ বৈশাখ, ১৪৩৩

এক দিনে হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫২৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মে, ২০২৬ ১৭:০৪

শেয়ার

এক দিনে হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫২৪
ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫২৪ জন। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৩৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ২৭৯ জন।

এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৮ জনে। পাশাপাশি সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজার ৪৯৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৯১২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ২৩৮ জন।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে জনসাধারণকে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হাম বা এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।



banner close
banner close