পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে কমপক্ষে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ কর্মসূচির মাধ্যমে জনগণের প্রয়োজন ও স্বার্থে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনযোগ্য খাল সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার খাল পুনঃখনন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। জনস্বার্থ ও জনগণের সুবিধা বিবেচনায় নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে সারা দেশে এ কার্যক্রমকে ঘিরে একটি ইতিবাচক জাগরণ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র দুই থেকে আড়াই মাসের মধ্যেই সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি এনেছে। খাল পুনঃখননের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা হবে। এ কর্মসূচির ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন শেখ ফরিদ আহমেদ মানিক, লায়ন হারুন অর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
আরও পড়ুন:








