শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৭ আশ্বিন, ১৪৩৩

জুনের মধ্যেই মাঠ থেকে সেনা প্রত্যাহার, ৬ জুন শুরু চূড়ান্ত প্রক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ২২:২৮

শেয়ার

জুনের মধ্যেই মাঠ থেকে সেনা প্রত্যাহার, ৬ জুন শুরু চূড়ান্ত প্রক্রিয়া
ছবি সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সহায়তায় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর সদস্যদের আগামী জুন মাসের মধ্যেই ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলা থেকে প্রত্যাহার করা হবে, এরপর ধাপে ধাপে বিভাগীয় শহর ও বড় জেলা থেকে সেনা সদস্যদের সরিয়ে নেওয়া হবে। জুনের মধ্যেই মাঠপর্যায় থেকে সব সেনাসদস্যকে প্রত্যাহার সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর মঙ্গলবার (৫ মে) আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ২১ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে কমিটি পুনর্গঠন করা হয়, যার লক্ষ্য ছিল দেশের আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণ।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সেনাবাহিনী প্রত্যাহার ছাড়াও দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি দমন এবং পুলিশের পোশাক পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে সারা দেশে প্রায় ১৭ হাজার সেনাসদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনের কারণে সদস্যদের ক্লান্তি ও বিশ্রামের প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একাধিকবার প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছিল।

এ প্রেক্ষাপটে কোর কমিটির বৈঠকে সেনাবাহিনীর সদস্যদের চূড়ান্তভাবে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে।