বুধবার

৬ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

মে মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ০৯:০১

শেয়ার

মে মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা
ছবি সংগৃহীত

চলতি মে মাসে দেশের আবহাওয়ায় তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড় এবং সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এ মাসে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, মে মাসে দেশের বিভিন্ন অঞ্চলে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি অন্তত একটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যেখানে তাপমাত্রা ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বিশেষ করে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে এ তাপপ্রবাহের প্রভাব বেশি অনুভূত হতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে, যা উপকূলীয় অঞ্চলে ঝুঁকি বাড়াতে পারে।

একই সঙ্গে মে মাসে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির ঘটনাও ঘটতে পারে, যা কৃষি ও অবকাঠামোর জন্য ঝুঁকিপূর্ণ।

এদিকে, সদ্য সমাপ্ত এপ্রিল মাসের আবহাওয়াকে ব্যতিক্রমী উল্লেখ করে অধিদপ্তর জানিয়েছে, স্বাভাবিক গড় বৃষ্টিপাতের তুলনায় এ বছর উল্লেখযোগ্য পরিমাণ বেশি বৃষ্টি হয়েছে। যেখানে এপ্রিলে গড়ে ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা, সেখানে এবার ১৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৭৬ শতাংশ বেশি। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেটে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মৌসুমি বায়ুর অস্বাভাবিক আচরণের কারণে এমন চরম আবহাওয়ার প্রবণতা বাড়ছে। এ পরিস্থিতিতে জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



banner close
banner close