বাংলাদেশ পুলিশ বাহিনীর পোশাকে পরিবর্তন এনে আগের ঐতিহ্যবাহী ধরনে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। সোমবার সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পুলিশের বর্তমান পোশাক সদস্যদের কাছে পুরোপুরি গ্রহণযোগ্য নয় বলে মতামত এসেছে। সেই প্রেক্ষাপটে সদস্যদের মতামত বিবেচনায় নিয়ে ঐতিহ্যবাহী পোশাকের কিছু অংশ পুনরায় চালুর বিষয়ে সরকার ভাবছে। পরিকল্পনা অনুযায়ী প্যান্ট আগের মতো খাকি রঙের রাখা হতে পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত অনেকেই জামিনে মুক্তি পেয়েছেন, যা বিচার বিভাগের এখতিয়ারভুক্ত বিষয়। তবে শীর্ষ সন্ত্রাসীসহ যেকোনো অপরাধীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
সংসদের সাম্প্রতিক অধিবেশন প্রসঙ্গে তিনি জানান, অধিবেশনটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সরকারি ও বিরোধীদলের মধ্যে মতপার্থক্য থাকলেও তা গঠনমূলকভাবে উপস্থাপিত হয়েছে বলে তার মন্তব্য।
সভায় আলোচিত রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শরণার্থী ক্যাম্পের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যৌথ অভিযান পরিচালনা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নিরাপত্তা জোরদার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মতে, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে ইতোমধ্যে বিভিন্ন সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:








