বন্ধ কল-কারখানার বর্তমান অবস্থা, পুনরুজ্জীবন এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার, ৪ মে সকালে বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা এবং অর্থনৈতিক কার্যক্রমে যুক্ত করার উপায় খুঁজতেই এই বৈঠক আয়োজন করা হয়।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর প্রতিনিধিরা বন্ধ কল-কারখানার সার্বিক পরিস্থিতি, সম্পদের ব্যবহার, শ্রমিকদের অবস্থা এবং সম্ভাব্য বিনিয়োগ কাঠামো নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দীর্ঘদিন বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর জমি, যন্ত্রপাতি ও অবকাঠামোর কার্যকর ব্যবহার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদনশীলতায় ফিরিয়ে আনার বিষয়ে প্রাথমিক দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি শ্রমিকদের পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
আরও পড়ুন:








