সোমবার

৪ মে, ২০২৬ ২১ বৈশাখ, ১৪৩৩

বিমানের নেটওয়ার্ক বাড়াতে নতুন ১৪ উড়োজাহাজ কেনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ১১:২৪

শেয়ার

বিমানের নেটওয়ার্ক বাড়াতে নতুন ১৪ উড়োজাহাজ কেনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর নেটওয়ার্ক সম্প্রসারণে বোয়িং থেকে ইতোমধ্যে ১৪টি নতুন উড়োজাহাজ ক্রয় করা হয়েছে। বিমানকে শুধু লাভজনক নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করাই সরকারের লক্ষ্য। বহরে আরও উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়াও চলমান রয়েছে।

রবিবার রাত ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র হজ পালন করতে সিলেট থেকে ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

রবিবার রাত ১০টায় ৪১৯ যাত্রী নিয়ে সৌদি আরবের মদিনার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যায়। চলতি মৌসুমে সিলেট থেকে মোট ৭টি ডেডিকেটেড ফ্লাইটে ৩ হাজার ৩৯৪ যাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে একটি ফ্লাইট মদিনা এবং ছয়টি জেদ্দা বিমানবন্দরে অবতরণ করবে। মোট যাত্রীর মধ্যে ২ হাজার ৯৩৩ জন সরাসরি সিলেট থেকে এবং ৪৬১ জন ঢাকা হয়ে যাত্রা করবেন।

বাংলাদেশ বিমান, সিলেট জেলার ব্যবস্থাপক মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ।

বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলার ট্রাফিক অফিসার জাকির হোসেন সুমনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন স্টেশন ম্যানেজার সাকিল আহমদ। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের হজ মৌসুমে যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ নিরাপত্তা ও সেবার ব্যবস্থা নিশ্চিত করেছে বিমান কর্তৃপক্ষ। মদিনাগামী প্রথম ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান বাণিজ্যমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা।



banner close
banner close