মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ২ পয়সা বাড়ানো হয়েছে।
বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ১ হাজার ৯৪০ টাকা রাখা হয়েছে। ফলে গত ১৯ এপ্রিল নির্ধারিত মূল্যই বহাল থাকছে চলতি মাসজুড়ে।
এর আগে এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়। প্রথমে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে তা ১ হাজার ৯৪০ টাকায় উন্নীত করা হয়।
অন্যদিকে, মে মাসের জন্য অটোগ্যাসের মূসকসহ খুচরা মূল্য প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগের দামের তুলনায় ২ পয়সা বেশি।
এপ্রিল মাসেও অটোগ্যাসের দাম দুই দফায় বাড়ানো হয়েছিল। ২ এপ্রিল ১৭ টাকা ৯৪ পয়সা বৃদ্ধি পেয়ে দাম হয় ৭৯ টাকা ৭৭ পয়সা। পরবর্তীতে ১৯ এপ্রিল আরও ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে তা ৮৯ টাকা ৫০ পয়সায় নির্ধারণ করা হয়।
আরও পড়ুন:








