রবিবার

৩ মে, ২০২৬ ২০ বৈশাখ, ১৪৩৩

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১৫:২৮

শেয়ার

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিচার শুরু
ছবি সংগৃহীত

১১ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ১৩ মে সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠনের শুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মীর আহমেদ আলী সালাম রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন করেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে গত ৮ মার্চ আদালত মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, বেনজীর আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর মিলিয়ে নির্দিষ্ট পরিমাণ সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে দেখা যায়, তার প্রকৃত সম্পদের পরিমাণ ঘোষণার চেয়ে বেশি। এর মধ্যে বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন প্রায় ১১ কোটি টাকার বেশি সম্পদ পাওয়া যায়।

এতে আরও উল্লেখ করা হয়, এসব অর্থের অবৈধ উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী কোম্পানিতে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

মামলার পরবর্তী শুনানিতে সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে আদালত জানিয়েছেন।



banner close
banner close