রবিবার

৩ মে, ২০২৬ ২০ বৈশাখ, ১৪৩৩

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১২:২৫

শেয়ার

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার ও জনগণের সঙ্গে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি জেলা প্রশাসকদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ এবং কোনো পদই স্থায়ী নয়।

দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছে সরকার।

এ সময় সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা নিশ্চিত করতে ডিসিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে সকালে সচিবালয় থেকে হেঁটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পথে সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান এবং তিনি হাত নেড়ে সাড়া দেন।

চার দিনব্যাপী এই সম্মেলন ৩ থেকে ৬ মে পর্যন্ত চলবে। এতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে মোট ৪৯৮টি প্রস্তাব উপস্থাপন করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির জানান, এবারের সম্মেলন আগের তুলনায় এক দিন বেশি সময় ধরে অনুষ্ঠিত হচ্ছে। এতে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও ই-গভর্ন্যান্স, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং অবকাঠামো উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হবে।

সম্মেলনে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেবেন। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গে কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।

ওসমানী স্মৃতি মিলনায়তনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩০টি কার্য-অধিবেশন এবং বাকি চারটি উদ্বোধনী, সৌজন্য সাক্ষাৎ ও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা।

অতিরিক্ত সচিব আরও জানান, জেলা প্রশাসকদের কাছ থেকে প্রাপ্ত ১,৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রস্তাবে জনসেবা ও স্বাস্থ্যসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ কমানো, সড়ক ও সেতু নির্মাণ, পর্যটন উন্নয়ন, আইন-বিধিমালা সংশোধন এবং জনস্বার্থ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগ থেকেই সর্বোচ্চ ৪৪টি প্রস্তাব এসেছে।

সম্মেলনের অংশ হিসেবে ৩ মে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে, ৪ মে জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে এবং ৫ মে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচি নির্ধারিত রয়েছে।



banner close
banner close