রবিবার

৩ মে, ২০২৬ ২০ বৈশাখ, ১৪৩৩

সৌদি পৌঁছেছেন ৪৩ হাজার হজযাত্রী, মৃত্যু ৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১১:৩২

শেয়ার

সৌদি পৌঁছেছেন ৪৩ হাজার হজযাত্রী, মৃত্যু ৭
ছবি সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১০৮টি ফ্লাইটে ৪৩ হাজার ১৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রোববার (৩ মে) সকালে প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, হজে গিয়ে এ পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।

এদিকে পরিবহনভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০টি ফ্লাইটে ২০ হাজার ৪৮৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইটে ১৪ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৯০ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ কার্যক্রম পরিচালনায় কাজ করছে ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

এর আগে গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট (বিজি-৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

হজ অফিস জানিয়েছে, মোট যাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং শেষ ফ্লাইটটি ৩০ জুন ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।



banner close
banner close