শনিবার

২ মে, ২০২৬ ১৯ বৈশাখ, ১৪৩৩

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী, স্বাভাবিক মৃত্যু ৭ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১১:২৮

শেয়ার

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী, স্বাভাবিক মৃত্যু ৭ জন
ছবি সংগৃহীত

চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (২ মে) সকাল ১০টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ হজ অফিস।

হজ বুলেটিন অনুযায়ী, ১০৪টি ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, নির্ধারিত সময় অনুযায়ী হজ ফ্লাইট কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

এ পর্যন্ত হজ পালনরত ৭ জন বাংলাদেশি হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন বলে জানানো হয়।

হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সৌদি মেডিকেল টিম সরাসরি ৮ হাজার ১৫ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার ২৪০ জন সেবা গ্রহণ করেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি যুক্ত রয়েছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

বিমান সংস্থাভিত্তিক তথ্যে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৯টি ফ্লাইটে ২০ হাজার ৬৬ জন, সৌদি এয়ারলাইনসের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ১৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৭ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

এর আগে ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) সৌদির জেদ্দার উদ্দেশে যাত্রা শুরু করে।



banner close
banner close