শনিবার একদিনের সফরে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর। সফরে তিনি নদী পুনঃখনন উদ্বোধন, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন। টানা বৃষ্টির মধ্যেও সফরকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-১ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছাবেন তিনি। সেখান থেকে সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করার কথা রয়েছে।
বেলা ১১টায় নগরের সুরমা নদীর তীরে চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সেখানে একটি সুধী সমাবেশে অংশ নেবেন। এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম-এ নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন তিনি। পরে বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি-এ দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কয়েকদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন। তাদের মধ্যে সফরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তবে কয়েকদিন ধরে টানা মুষলধারে বৃষ্টিতে জনজীবনে কিছুটা প্রভাব পড়েছে।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সফর সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এই সফরের মাধ্যমে সিলেটের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আরও পড়ুন:








