আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি নিজেকে শ্রমিকদের একজন হিসেবে দেখতে চান এবং তাদের খাতায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে আগ্রহী। শুক্রবার বিকেলে শ্রমিক দল আয়োজিত এ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের উন্নয়নে শ্রমিকরা বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যেমন বিভিন্ন খাতে কাজ করেন, তেমনি আপনাদের খাতায় আমি একজন শ্রমিক হিসেবে আমার নাম লেখাতে চাই।”
তিনি শ্রমিক ও কৃষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। বলেন, শ্রমিকদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং কৃষক কার্ড চালুর বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।
তারেক রহমান আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করলেও তারা সময়মতো পর্যাপ্ত পানি পায় না। এ সমস্যার সমাধানে খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। কৃষক ও শ্রমিকদের জীবনমান উন্নয়ন সম্ভব হলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন:








