শুক্রবার

১ মে, ২০২৬ ১৮ বৈশাখ, ১৪৩৩

১০১ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মে, ২০২৬ ১৭:৫১

শেয়ার

১০১ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ হজযাত্রী
ছবি সংগৃহীত

হজ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১০১টি ফ্লাইটে ৪০ হাজার ৫৯০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত জেদ্দায় এসব ফ্লাইট অবতরণ করেছে বলে জানিয়েছে হজ অফিস। হজযাত্রীদের পরিবহন কার্যক্রম বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে পরিচালিত হচ্ছে।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রম পরিচালনায় মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। পাশাপাশি সৌদি মেডিকেল টিম সরাসরি ৬ হাজার ৮৩২ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৮ হাজার ৮৩০ জন চিকিৎসাসেবা পেয়েছেন।

পরিবহন ব্যবস্থাপনায় দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬টি ফ্লাইটে ১৮ হাজার ৯৯২ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ৪৫৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অবশিষ্ট ৩৭ হাজার ৭৫৬ জন হজযাত্রী নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন।

গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ পালন শেষে ৩০ মে থেকে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।



banner close
banner close