শুক্রবার

১ মে, ২০২৬ ১৮ বৈশাখ, ১৪৩৩

জিয়াউর রহমানের শ্রমনীতি শ্রমকল্যাণের ভিত্তি মজবুত করেছে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মে, ২০২৬ ১৪:১১

শেয়ার

জিয়াউর রহমানের শ্রমনীতি শ্রমকল্যাণের ভিত্তি মজবুত করেছে: রাষ্ট্রপতি
ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত ত্রিপক্ষীয় শ্রমনীতি ও সংস্কার দেশের শ্রমকল্যাণের ভিত্তিকে মজবুত করেছে। তিনি আরও বলেন, রেমিট্যান্স বৃদ্ধিতে জিয়াউর রহমানের নেওয়া কর্মপরিকল্পনাকে পরবর্তীতে বাস্তব রূপ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শুক্রবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলিবর্ষণের ঘটনা বিশ্ব শ্রমিক আন্দোলনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। তিনি ওই আন্দোলনে আত্মোৎসর্গকারী শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে সম্মান জানান।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন শ্রমিক আন্দোলন এবং সাম্প্রতিক গণআন্দোলনগুলোতে শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে শ্রমিকরাই প্রধান চালিকাশক্তি বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আরও বলেন, শিল্প, কৃষি, পরিবহন, নির্মাণ ও গৃহকর্মসহ সব খাতেই শ্রমিকদের অবদান অপরিসীম। বিশেষ করে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স এবং তৈরি পোশাক খাতে শ্রমিকদের শ্রম দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ভূমিকা রাখছে।

বর্তমান সরকারের শ্রমবান্ধব নীতির কথা তুলে ধরে তিনি জানান, শ্রমিকদের অধিকার, কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতেও উদ্যোগ নেওয়া হয়েছে।

শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, এ ধরনের সম্পর্ক শিল্প উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য।

তিনি বলেন, ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে উৎসাহিত করা হচ্ছে এবং আন্তর্জাতিক শ্রমমান অনুসরণে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশ ইতোমধ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৯টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুমোদন করেছে।

নারী শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সমকাজে সমান মজুরি, মাতৃত্বকালীন ছুটি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে মিরপুরের রূপনগরে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে নিহত ১৩ শ্রমিকের প্রতি শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সহায়তার কথা জানান। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিল্পকারখানায় নিরাপত্তা জোরদারের আহ্বানও জানান তিনি।

শেষে রাষ্ট্রপতি বলেন, শ্রমিক, মালিক, সরকার ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, মানবিক ও টেকসই শ্রমব্যবস্থা গড়ে তোলা সম্ভব। মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমজীবী মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।



banner close
banner close