শুক্রবার

১ মে, ২০২৬ ১৮ বৈশাখ, ১৪৩৩

হিমন্তের মন্তব্যে প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মে, ২০২৬ ১২:৫৮

শেয়ার

হিমন্তের মন্তব্যে প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব
ছবি সংগৃহীত

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-এর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়ে-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে মন্ত্রণালয়ে ডেকে তার হাতে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। সূত্র জানায়, মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহানের দপ্তরে বিকেল ৫টার পর ভারতীয় কূটনীতিককে ডেকে এই প্রতিবাদ জানানো হয়।

জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি একটি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে অবমাননাকর ও বিভ্রান্তিকর মন্তব্য করেন। বিশেষ করে কথিত ‘পুশব্যাক’ বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানো প্রসঙ্গে তার বক্তব্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভে এক সাক্ষাৎকারে শর্মা দাবি করেন, অনিবন্ধিত সন্দেহভাজন বাংলাদেশিদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠানো কঠিন হওয়ায় অন্ধকারের আড়ালে সীমান্ত পেরিয়ে তাদের ঠেলে দেওয়া হয়। এই বক্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে বাংলাদেশ।

এ বিষয়ে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, এ ধরনের স্পর্শকাতর দ্বিপক্ষীয় বিষয়ে তথ্যপ্রমাণহীন মন্তব্য দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। যে কোনো অমীমাংসিত বিষয় আন্তর্জাতিক আইন ও বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে—এমন মন্তব্য থেকে ভারতীয় রাজনৈতিক নেতাদের বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।



banner close
banner close