দেশের উত্তর-পূর্বাঞ্চলে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে দ্রুত বাড়ছে নদ-নদীর পানি, এরই মধ্যে কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় ৫ জেলায় আকস্মিক বন্যার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জানা গেছে, হাওর অঞ্চলের ভুগাই-কংস, সোমেশ্বরী, মগরা ও সুতাং নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে ইতোমধ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ মে পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও উজানে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে স্থানভেদে ১৫০ থেকে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর প্রভাবে সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংসসহ প্রধান নদ-নদীর পানি সপ্তাহের প্রথম ভাগে আরও বাড়তে পারে। এতে নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। পাশাপাশি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কিছু এলাকায় নদ-নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচে নেমে আসতে পারে এবং সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:








