জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আলোচনায় নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকা বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। তিনি রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করেছেন বলেও জানান এবং বলেন, তার দল আগেই রাষ্ট্রপতির অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছিল।
রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য পূরণে কাজ করেছেন রাষ্ট্রপতি। এ সময় তিনি খালেদা জিয়া, তারেক রহমান এবং শেখ হাসিনা-কে ঘিরে বিভিন্ন মামলার প্রসঙ্গ তুলে ধরেন।
নাহিদ ইসলাম আরও দাবি করেন, ২০০১ সালের সংখ্যালঘু নির্যাতন বিষয়ে গঠিত বিচারিক তদন্ত কমিশনের নেতৃত্বেও বর্তমান রাষ্ট্রপতি ছিলেন এবং ওই প্রতিবেদনের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ করা হয়েছিল। পাশাপাশি ইসলামী ব্যাংক সংক্রান্ত সিদ্ধান্ত এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহেও রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতির অপসারণের দাবি উঠলেও তখন তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে নির্বাচিত সরকার থাকায় এখন কেন সেই উদ্যোগ নেওয়া হচ্ছে না—এ প্রশ্নও তোলেন তিনি।
আরও পড়ুন:








