আগামী ৩ মে ঢাকায় চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের পাঠানো ১ হাজার ৭২৯টি প্রস্তাব থেকে বাছাই করা ৪৯৮টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। নতুন রাজনৈতিক সরকার গঠনের পর এটি প্রথম ডিসি সম্মেলন। সম্মেলনের উদ্দেশ্য মাঠ প্রশাসন ও নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয় জোরদার করা এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করা।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে যেগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতবিরোধ রয়েছে অথবা আগের সম্মেলনে আলোচনা হয়েছে, সেগুলো কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়নি।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ৩ মে সকাল সাড়ে ১০টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। চারদিনের এ কর্মসূচির সমাপনী অধিবেশনও একই স্থানে হবে।
এবারের সম্মেলনে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান এবং স্পিকারের সঙ্গে জেলা প্রশাসকদের পৃথক সাক্ষাতের কর্মসূচি রয়েছে। প্রশাসনিক নীতি নির্ধারণ, মাঠপর্যায়ের সমস্যা চিহ্নিতকরণ এবং বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় এসব বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সরকারি নিয়ম অনুযায়ী, জেলা প্রশাসক সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসনের মধ্যে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন:








