বুধবার

২৯ এপ্রিল, ২০২৬ ১৬ বৈশাখ, ১৪৩৩

সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ১০:৫৫

শেয়ার

সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
ছবি সংগৃহীত

দেশের ২০ জেলায় বুধবার সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ের কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কালবৈশাখীর সময় হঠাৎ ঝড়ো হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির কারণে জনসাধারণকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।



banner close
banner close