দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা জোরদারের নির্দেশনার পরদিনই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর রানওয়েতে কোনো বাধা ছাড়াই প্রবেশ করেছেন এক যুবক। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
আটক যুবকের নাম জান্নাতুল ফেরদৌস (২২)। তার বাড়ি মেহেরপুর জেলায় বলে জানা গেছে। ভোর ৬টা ২১ মিনিটে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে তিনি প্রবেশ করে সরাসরি এপ্রোন এলাকা পর্যন্ত পৌঁছে যান।
নিরাপত্তাকর্মীরা পরে তাকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেরদৌস জানান, তিনি তার মামাকে রিসিভ করতে বিমানবন্দরে এসেছিলেন। বিমান অবতরণে দেরি হওয়ায় কাছ থেকে বিমান দেখার উদ্দেশ্যে তিনি ভেতরে ঢুকে পড়েন।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডোমেস্টিক টার্মিনালের একটি গেট দিয়ে ওই যুবক এপ্রোন এলাকায় প্রবেশ করেছিলেন। সেখান থেকেই তাকে আটক করা হয় এবং পরবর্তীতে ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এমন একটি সময়ে এ ঘটনা ঘটেছে যখন দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবুও কোনো বাধা ছাড়াই রানওয়ে এলাকায় অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সম্প্রতি পুলিশ সদরদপ্তর থেকে সতর্কতা জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়ানো, অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন এবং আগমন-প্রস্থান পয়েন্টে তল্লাশি জোরদারের মতো পদক্ষেপ গ্রহণ করে।
আরও পড়ুন:








