মঙ্গলবার

২৮ এপ্রিল, ২০২৬ ১৫ বৈশাখ, ১৪৩৩

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ১২:৫৪

শেয়ার

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম সমুদ্রবন্দর, কক্সবাজার সমুদ্রবন্দর, মোংলা সমুদ্রবন্দর ও পায়রা সমুদ্রবন্দর-কে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা বুলেটিনে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সংস্থাটির ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে।

আজ দেশের অধিকাংশ বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার থেকে শুক্রবার পর্যন্ত প্রায় সারাদেশেই একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে—মাঝে মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণ। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে।

শনিবার বৃষ্টিপাতের বিস্তৃতি কিছুটা কমলেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।



banner close
banner close