তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবনের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ দিনভর মেঘলা আকাশের পাশাপাশি বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীতে আকাশ আংশিক মেঘলা দেখা যায়। সকাল থেকেই তাপমাত্রা তুলনামূলক সহনীয় থাকলেও উচ্চ আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। সকালে ঢাকায় তাপমাত্রা ছিল প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা দিনের বেলায় বেড়ে ৩০ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে থাকতে পারে। রাতের দিকে তাপমাত্রা নেমে প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াসে আসতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের শুরুতে তাপমাত্রা মাঝামাঝি থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বিরাজ করছে। ঢাকায় বাতাসের আর্দ্রতা প্রায় ৮৮ শতাংশ রেকর্ড করা হয়েছে।
এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও তাপমাত্রার তারতম্য লক্ষ্য করা গেছে। রাজশাহী ও যশোর অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়েছে, দিনভর আকাশ মেঘলা থাকতে পারে এবং বিকেল বা সন্ধ্যার দিকে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া ও মাঝারি ধরনের ঝড়ও বয়ে যেতে পারে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে।
আরও পড়ুন:








